...|...|...

খেলা

ব্রাজিলকে হারিয়ে জাপানের প্রতিশোধ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৪৬
Shares
ব্রাজিলকে হারিয়ে জাপানের প্রতিশোধ

ছবি: সংগৃহীত

নির্ধারিত ৯০ মিনিটের খেলা তখন শেষ। ড্র নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ব্রাজিল ও জাপান। তখনই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চমকে দিল জাপান। যোগ করা সময়ের প্রথম মিনিটে গোল করে এশিয়ান জায়ান্টদের ঐতিহাসিক এক জয় এনে দিলেন তাতসুহিরো নাকামোতো।

শনিবার (১৪ নভেম্বর) সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। দলের হয়ে দুর্দান্ত একাই দুই গোল করেও শেষ পর্যন্ত হ হার এড়াতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র।

ম্যাচের শুরু থেকেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চেপে ধরে জাপান। ম্যাচের ২০ মিনিটেই দুই গোল হজম করে বসে ব্রাজিল। ১৫ মিনিটে তাকাফুসো কুবো এবং এর চার মিনিট পর কেইতো নাকামুরা গোল করে ব্লু সামুরাইদের ২-০ ব্যবধানে এগিয়ে নেন।

তবে দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেলেসাওরা। ৩৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ব্যবধান কমায় তারা। এরপর দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে বক্সের বাইরে থেকে চমৎকার এক শটে নিজের দ্বিতীয় ও দলের সমতাসূচক গোলটি করেন রিয়াল মাদ্রিদ তারকা (২-২)।

ম্যাচ যখন ড্রয়ের দিকে গড়াচ্ছিল, তখনই নাটকের বাকি অংশ। অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে নাকামোতোর নিখুঁত শটে জালে বল জড়িয়ে জয় নিশ্চিত করে জাপান। শেষ মুহূর্তের এই গোল মেনে নিতে পারেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়া। ডাগআউট থেকে অতিরিক্ত প্রতিবাদ করায় দুজনেই লাল কার্ড দেখেন।

এই জয়ের মধ্য দিয়ে গত বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে হারের প্রতিশোধও নিয়েছে জাপান। সেই ম্যাচে হিউস্টনে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতেছিল ব্রাজিল। এবার সিঙ্গাপুরে শেষ মুহূর্তের গোলেই ব্রাজিলকে হারিয়ে দিলো জাপান।

আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে ব্রাজিল। তবে লাল কার্ডের কারণে ওই ম্যাচে দলের কোচ আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়াকে পাবে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।