...|...|...

খেলা

আর্জেন্টিনায় খেলবেন মেসি, জানা গেল প্রতিপক্ষ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪০
Shares
আর্জেন্টিনায় খেলবেন মেসি, জানা গেল প্রতিপক্ষ

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

জাতীয় দলের জার্সিতে বিদায়ী ম্যাচ খেলার পর আবারও আর্জেন্টিনার মাটিতে ফুটবল খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তবে এবার দেশের হয়ে নয়, ইন্টার মিয়ামির জার্সিতে দেখা যাবে আর্জেন্টাইন মহাতারকাকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো আর্জেন্টিনার মাটিতে কোনো ক্লাবের হয়ে খেলতে নামবেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

আগামী ১৯ জানুয়ারি বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে প্রীতি ম্যাচে রিভার প্লেটের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। শুক্রবার এক বিবৃতিতে ম্যাচটির বিষয়টি নিশ্চিত করেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

এই সফরে মেসির সাথে দলের অন্য তারকাদেরও থাকার কথা জানিয়েছে মায়ামি। সম্ভাব্য সফরসাথীদের তালিকায় রয়েছেন কাসেমিরো, রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজ, নিকোলাস ওতামেন্দি ও থিয়াগো আলমাদা। এর আগে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে পেরু, ইকুয়েডর, কলম্বিয়া ও পুয়ের্তো রিকোয় খেলেছে ক্লাবটি।

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির খেলার অভিজ্ঞতা রয়েছে ২৯ ম্যাচের। গত ৬ অক্টোবর এই মাঠেই জাতীয় দলের হয়ে শেষবার খেলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে সেটি ছিল তার ২০৮তম ও শেষ ম্যাচ।

বিদায়ী সেই ম্যাচে গোলও করেছিলেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২৬তম গোলটি করে জাতীয় দলের হয়ে ২১ বছরের পথচলার ইতি টানেন তিনি। এই দীর্ঘ সময়ে আর্জেন্টিনাকে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ফরোয়ার্ড।

ক্লাব ফুটবলে আর্জেন্টিনার দলগুলোর বিপক্ষেও খেলার অভিজ্ঞতা রয়েছে মেসির। বার্সেলোনার হয়ে ২০০৯ সালের ক্লাব বিশ্বকাপে এস্তুদিয়ান্তেসকে হারিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ সালে রিভার প্লেটকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পান। ২০১৮ সালে জোয়ান গাম্পার ট্রফিতে বার্সেলোনার হয়ে খেলেন বোকা জুনিয়র্সের বিপক্ষে। আর ২০২৪ সালে শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেন তিনি। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

আর্জেন্টিনার অন্যতম সফল ক্লাব রিভার প্লেট। ঘরোয়া ফুটবলে ৩৮টি শিরোপা জয়ের পাশাপাশি চারবার কোপা লিবার্তাদোরেসের ট্রফিও ঘরে তুলেছে দলটি। এবার সেই ক্লাবের বিপক্ষেই মেসির মাঠে নামা ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে মাঠের পারফরম্যান্সেও দারুণ সময় কাটাচ্ছেন মেসি। ২০২৬ এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন তিনি। টানা তৃতীয়বার এই স্বীকৃতি জিতে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে তার সামনে। চলতি মৌসুমে ২৬ গোল করে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের গোল্ডেন বুটও জিতেছেন ইন্টার মিয়ামির অধিনায়ক।