ক্রিশ্চিয়ানো রোনালদো আর থাকছেন না পর্তুগালের জাতীয় দলে। তবে তার রেখে যাওয়া স্মৃতি ও অবদানকে বিশেষভাবে স্মরণ করতে যাচ্ছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। কিংবদন্তি এই ফুটবলারের প্রতি শ্রদ্ধা জানাতে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের সব খেলোয়াড়ের গায়ে থাকবে রোনালদোর বিখ্যাত ৭ নম্বর জার্সি। শুধু তাই নয়, ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারি থেকেও তাকে সম্মান জানাবেন সমর্থকেরা।
রবিবার (১৫ নভেম্বর) উয়েফা নেশনস লিগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে শুরু হবে এ-ফোর গ্রুপের পঞ্চম রাউন্ডের ম্যাচটি। মাঠের লড়াইয়ের পাশাপাশি রোনালদোকে ঘিরে বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন থাকায় ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আবেগ। গোল ডটকমের এক প্রতিবেদন এসব তথ্য উঠে এসেছে।
ম্যাচের আগে মাঠে প্রবেশের সময় দলের প্রত্যেক খেলোয়াড় ৭ নম্বর জার্সি পরবেন। জাতীয় দলের হয়ে রোনালদোর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ার এবং অসামান্য অবদানকে সম্মান জানাতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
এ আয়োজনের সিদ্ধান্ত আসে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা, জাতীয় দলের কোচ জর্জ জেসুস এবং দলের অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতিনিধিদের আলোচনার পর। বৈঠকে উপস্থিত ছিলেন বার্নার্দো সিলভা, রুবেন দিয়াস ও ব্রুনো ফার্নান্দেজ। ২০০৩ সালের আগস্টে শুরু হওয়া রোনালদোর আন্তর্জাতিক পথচলাকে স্মরণীয় করে রাখতেই পুরো দলকে একই নম্বরের জার্সিতে সাজানোর পরিকল্পনা করা হয়েছে।
মাঠের বাইরেও রোনালদোর প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সমর্থকেরা। ম্যাচের সপ্তম মিনিটে গ্যালারিতে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্মান জানানোর পরিকল্পনা রয়েছে। স্টেডিয়ামের ‘দ্য পেদ্রেইরা’ নামে পরিচিত গ্যালারির দর্শকেরা এ আয়োজনে বিশেষভাবে অংশ নেবেন। দীর্ঘদিন পর্তুগালকে নেতৃত্ব দেওয়া রোনালদোর প্রতি শ্রদ্ধা জানাতে এটি হবে প্রতীকী আয়োজন।
সংবাদমাধ্যমের দাবি, পুরো আয়োজন বাস্তবায়নে উয়েফার অনুমতিও নেওয়া হয়েছে। ফলে ডেনমার্কের বিপক্ষে ম্যাচটি শুধু পয়েন্টের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, রোনালদোর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার স্মরণের উপলক্ষও হয়ে উঠছে।
এদিকে জাতীয় দলের অনুশীলনকেন্দ্র সিদাদে দো ফুতবলের অ্যাথলেটিকস হাউসে রোনালদোর ব্যবহৃত কক্ষটি আপাতত খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের পর প্রথমবারের মতো তাকে ছাড়া জাতীয় দলের ক্যাম্প শুরু হচ্ছে। এই অনুপস্থিতিকে প্রতীকীভাবে স্মরণীয় করে রাখতেই তার ব্যবহৃত কক্ষটি খালি রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত ৫ নভেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে পর্তুগালের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই মহাতারকা।



