স্প্যানিশ ফুটবলে ভয়াবহ এক ফাউলের পর প্রাণ হারিয়েছেন তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগেল। ম্যাচ চলাকালে আন্দরার গোলরক্ষক জেসুস ওউনোর পায়ের আঘাতে গুরুতর আহত হন ৩০ বছর বয়সী এই ফুটবলার। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ওউনোকে ১২ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। কোনো ফাউলের ঘটনায় এটিই সর্বোচ্চ শাস্তি।
শুক্রবার (১৩ নভেম্বর) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা কমিটি এফসি আন্দোরার গোলকিপার জেসুস ওউনোকে সর্বোচ্চ শাস্তি হিসেবে ১২ ম্যাচের নিষেধাজ্ঞার কথা জানায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের তেনেরিফে ও আন্দরার মধ্যকার ম্যাচে ঘটে মর্মান্তিক ঘটনাটি। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচের স্টপেজ টাইমের সপ্তম মিনিটে দুই দলের একজন করে খেলোয়াড় মাঠের বাইরে ছিলেন। ওই সময় উঁচু দিয়ে আসা বল নিয়ন্ত্রণে নিতে এগিয়ে যান তেনেরিফের স্ট্রাইকার দে মিগেল। তাকে বাধা দিতে গোলপোস্ট ছেড়ে সামনে আসেন আন্দারার গোলরক্ষক ওউনো। তবে বল ক্লিয়ার করতে গিয়ে তার পা সরাসরি আঘাত করে দে মিগেলের মাথায়।
ঘটনার পরপরই মাঠে ছুটে আসেন চিকিৎসাকর্মীরা। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় দে মিগেলকে। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পর হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি। একপর্যায়ে তার হৃদস্পন্দন ফিরিয়ে আনতে সক্ষম হন চিকিৎসকেরা। তবে পরদিন সকালে তার অবস্থার অবনতির কথা জানায় তেনেরিফে। কিছুক্ষণ পরই মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাবটি।
১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গোলকিপারকে। ফাউলের ঘটনায় এটি সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি গোলরক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন ওউনো। তিনি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কঠিন দিন এগুলো। সঠিক ভাষা খুঁজে পাচ্ছি না আমি। যা ঘটেছে সেটা উপলব্ধি করা আমার জন্য খুব কঠিন। জেসুসকে হারিয়ে আমি অপরিসীম যন্ত্রণা ভোগ করছি। তার পরিবার ও তাকে যারা ভালোবাসতো, তাদের জন্য আমার সমবেদনা। আমি জানি সামনে অনেক কিছু হবে। আমার সামনে যাই আসুক না কেন সম্মানের সঙ্গে আমি তার সম্মুখীন হবো। এই মুহূর্তে জেসুস ও আমরা যে যন্ত্রণা পাচ্ছি, সেটার চেয়ে কিছুই ভাবতে পারছি না। শান্তিতে ঘুমাও, জেসুস।’



