দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সাতকানিয়ার কেরানীহাট এলাকার ২ নম্বর ব্রিজের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান আখন্দ। এর কিছুদিন পর পারিবারিক বিরোধের জেরে তার বিরুদ্ধে দেনমোহর ও ভরণপোষণের দাবিতে আদালতে মামলা করেন তার স্ত্রী শাহীনা আক্তার। ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদীপক্ষের অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন মিজানুর রহমান। একই সাথে তিনি নিয়মিত ভরণপোষণ দেওয়া থেকেও বিরত থাকেন। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সমাধান না পেয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হন শাহীনা আক্তার। এ ছাড়া তার স্বামীর বিরুদ্ধে অন্যত্র একাধিক বিয়ে এবং একাধিক নারীর সাথে সম্পর্ক রাখার অভিযোগও করেছেন তিনি।
শাহীনা আক্তার বলেন, বিয়ের পর থেকে মিজানুর রহমান তার কোনো খোঁজখবর রাখেননি। যোগাযোগ বন্ধ রাখার পাশাপাশি ভরণপোষণও দিচ্ছেন না। বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি নিজের আইনগত অধিকার ও ন্যায়বিচার চান।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হচ্ছে।


