বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আজকেও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে পল্লীবিদ্যুৎ এলাকার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবস্থান নিয়েছে। এতে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে মহাসড়কে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। থেমে থেমে ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, শ্রমিকেরা কর্মস্থলে যোগ না দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। তাদের সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, সকাল ১০টার দিকে শ্রমিকরা পুনরায় মহাসড়ক অবরোধ করেন। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


