...|...|...

জাতীয়

সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ, বিনোদন ভাতায় মিলবে না বাড়তি টাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩৩
Shares
সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ, বিনোদন ভাতায় মিলবে না বাড়তি টাকা

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

নতুন বেতন কাঠামো কার্যকরের পর পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত অর্থ বা বকেয়া পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা গ্রহণের পর বেতন পুনর্নির্ধারণ হলেও নতুন করে বাড়তি অর্থ দাবি করার সুযোগ থাকবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পক্ষ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গেজেটটি প্রকাশিত হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

গেজেটে বলা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় ধাপে ধাপে নতুন বেতনস্কেল কার্যকরের সময় শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে এ নির্দেশনা অনুসরণ করতে হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে উত্তোলিত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এই বিধান বহাল থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী ধাপে ধাপে বেতন কার্যকর এবং পে-ফিক্সেশনের কারণে পরবর্তী সময়ে মূল বেতন পুনর্নির্ধারণ হলেও শ্রান্তি ও বিনোদন ভাতার পরিমাণ পুনরায় সমন্বয় করা হবে না। সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার মাসে প্রকৃতপক্ষে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, সেই হিসাবেই ভাতা নির্ধারিত হবে।

অর্থাৎ, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা গ্রহণ করার পর পে-ফিক্সেশনের মাধ্যমে তার মূল বেতন বৃদ্ধি পেলেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ কিংবা বকেয়া পাওয়ার সুযোগ থাকছে না।

অর্থ বিভাগের গেজেটে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।