নিজস্ব অর্থ ব্যয় না করেই সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ তৈরি করেছে সরকার। এখন থেকে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদ, আঙিনা কিংবা উপযুক্ত স্থানে বেসরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।
এ ব্যবস্থায় গ্রাহক প্রতিষ্ঠানকে শুরুতেই সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে না। বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। উৎপাদিত বিদ্যুতের ব্যবহার কিংবা মূল্য চুক্তির শর্ত অনুযায়ী সমন্বয় করা হবে।
সৌরবিদ্যুৎ স্থাপনের এ পদ্ধতির নাম ‘ওপেক্স মডেল’। নতুন ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’-এ এ মডেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে কোনো প্রতিষ্ঠান চাইলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে এর মালিকানাও ধরে রাখতে পারবে। এ পদ্ধতিকে বলা হচ্ছে ‘ক্যাপেক্স মডেল’।
গত ১৯ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অধ্যাদেশটিতে সই করেন। একই দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে এটি গেজেট আকারে প্রকাশিত হয়। প্রকাশের দিন থেকেই অধ্যাদেশটি কার্যকর হয়েছে।
কীভাবে বিনা বিনিয়োগে মিলবে সৌরবিদ্যুৎ
অধ্যাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ। এ পদ্ধতিতে গ্রাহক প্রতিষ্ঠানকে সৌর প্যানেল, ইনভার্টার কিংবা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার খরচ বহন করতে হবে না। স্থাপন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে না গ্রাহককে।
বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে গ্রাহকের ভবনের ছাদ বা উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবে। এরপর প্রতিষ্ঠানটি নিজেই এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুতের নির্ধারিত অংশ গ্রাহক ব্যবহার করতে পারবেন। বিদ্যুতের ব্যবহার বা মূল্য কীভাবে সমন্বয় হবে, তা আগেই চুক্তিতে নির্ধারণ করা থাকবে।
ফলে প্রাথমিক বিনিয়োগের চাপ ছাড়াই প্রতিষ্ঠানগুলো সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব অর্থের অভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হচ্ছিল না, তাদের জন্য এটি নতুন সম্ভাবনা তৈরি করবে।
সৌরবিদ্যুৎ স্থাপনে থাকছে দুটি মডেল
অধ্যাদেশে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে দুটি বিনিয়োগ পদ্ধতি রাখা হয়েছে।
ওপেক্স মডেল: এ পদ্ধতিতে সেবাদাতা প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। গ্রাহক উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করবেন এবং চুক্তি অনুযায়ী বিদ্যুতের মূল্য বা অংশ সমন্বয় করবেন।
ক্যাপেক্স মডেল: এ পদ্ধতিতে গ্রাহক প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কিনবে ও স্থাপন করবে। ফলে স্থাপিত ব্যবস্থার মালিকানা থাকবে গ্রাহকের হাতে।
সরকার ওপেক্স মডেলকে বেশি গুরুত্ব দিলেও নিজস্ব তহবিল থাকা প্রতিষ্ঠানগুলো আর্থিক সম্ভাব্যতা বিবেচনা করে ক্যাপেক্স পদ্ধতিতেও প্রকল্প বাস্তবায়ন করতে পারবে।
যেসব স্থানে বসানো যাবে সৌরবিদ্যুৎ
অধ্যাদেশ অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি কোম্পানির ভবনের ছাদ, আঙিনা ও অন্যান্য উপযুক্ত স্থানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা যাবে।
এ ছাড়া সৌরচালিত সেচপাম্প, কোল্ড স্টোরেজ, বৈদ্যুতিক যানবাহনের চার্জিং স্টেশন এবং চা বাগানের ছাদ ও সংলগ্ন পতিত জমিতেও এ ব্যবস্থা স্থাপনের সুযোগ থাকবে।
এর আওতায় ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিকাজের সাথে সমন্বিত সৌরবিদ্যুৎ বা অ্যাগ্রো-ভোলটাইক প্রযুক্তিও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে প্রতিটি বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থার সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা নির্ধারণ করা হয়েছে ৫ মেগাওয়াট। বড় আকারের ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ প্রকল্প এ অধ্যাদেশের আওতায় আসবে না।
প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হবে সেবাদাতা প্রতিষ্ঠান
ওপেক্স মডেলে সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য যোগ্য সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জেলাভিত্তিক তালিকা তৈরি করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে আগ্রহী প্রতিষ্ঠান এ তালিকায় যুক্ত হতে পারবে।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে প্রতিযোগিতার ভিত্তিতে সেবাদাতা নির্বাচন করবেন গ্রাহক। তবে গ্রাহক চাইলে তালিকার বাইরে থাকা প্রতিষ্ঠানকেও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়োগ দিতে পারবেন।
চুক্তিতে স্পষ্ট থাকবে গ্রাহকের অধিকার
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সেবাদাতা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি করতে হবে।
চুক্তিতে গ্রাহক কতটুকু বিদ্যুৎ পাবেন, অতিরিক্ত বিদ্যুতের দাম কীভাবে নির্ধারিত হবে, রক্ষণাবেক্ষণ ও মেরামতের দায়িত্ব কার, যন্ত্রপাতি নষ্ট হলে কে প্রতিস্থাপন করবে এবং চুক্তির মেয়াদ কত দিন হবে-এসব বিষয় উল্লেখ করতে হবে।
পাশাপাশি নেট-মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল সমন্বয়, সার্ভিস চার্জ এবং বিল পরিশোধের পদ্ধতিও চুক্তিতে নির্দিষ্ট করতে হবে।
উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে জাতীয় গ্রিডে
সৌরবিদ্যুৎ ব্যবস্থায় উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের পর অতিরিক্ত থাকলে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। নেট-মিটারিং ব্যবস্থায় গ্রিডে দেওয়া বিদ্যুতের পরিমাণ গ্রাহকের বিদ্যুৎ বিলের সাথে সমন্বয় করা হবে।
সমন্বয়ের পরও বিদ্যুৎ উদ্বৃত্ত থাকলে প্রচলিত বিধান ও নির্ধারিত ট্যারিফ অনুযায়ী এর মূল্য পাওয়ার সুযোগ থাকবে।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পলিসি কাউন্সিল গঠনের বিধানও রাখা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পর্যায়ে কারিগরি ও সমন্বয় কমিটি গঠন করা হবে।
অধ্যাদেশ অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থার তথ্য সংরক্ষণ ও নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।
বেসরকারি খাতে বিনিয়োগ নিয়ে সংশয়
বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, অধ্যাদেশ জারি সরকারের একটি ভালো উদ্যোগ। তবে সরকারি প্রতিষ্ঠানে যেভাবে ওপেক্স মডেল কার্যকর হতে পারে, বেসরকারি প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে তা কতটা কার্যকর হবে, সে বিষয়ে এখনো সংশয় রয়েছে।
তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের জায়গা তুলনামূলকভাবে স্থায়ী। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। একইভাবে বাড়ির মালিকেরা নিজেদের ছাদ অন্য কোনো প্রতিষ্ঠানের লোকজনকে নিয়মিত ব্যবহারের সুযোগ দেবেন কি না, সেটিও বিবেচনার বিষয়।
এসব কারণে এ ব্যবস্থায় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা কতটা সম্ভব হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।



