...|...|...

সারাদেশ

পর্যটকদের নজর কাড়ছে বান্দরবানের ৫৭ ফুট উঁচু সোনালি বুদ্ধমূর্তি

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩১
Shares
পর্যটকদের নজর কাড়ছে বান্দরবানের ৫৭ ফুট উঁচু সোনালি বুদ্ধমূর্তি

পর্যটকদের নজর কাড়ছে বান্দরবানের ৫৭ ফুট উঁচু সোনালি বুদ্ধমূর্তি। ছবি: টাইমস টুডে

সবুজ পাহাড়ের বুকে মেঘের আনাগোনা, আর তার মাঝেই সোনালি আভায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল এক বুদ্ধমূর্তি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে দৃষ্টিনন্দন স্থাপত্যের মেলবন্ধনে বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থলে পরিণত হয়েছে ‘গোল্ডেন বুদ্ধ মনাস্ট্রি’। 

বান্দরবান সদর উপজেলার লালমোহন বাহাদুর বাগান এলাকায় অবস্থিত এই বিহারটি প্রতিনিয়ত আকৃষ্ট করছে দেশি-বিদেশি পর্যটক ও বৌদ্ধ ধর্মাবলম্বী পুণ্যার্থীদের।

বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে মূল সড়ক থেকে প্রায় ৫০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে ৫৭ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন দণ্ডায়মান সোনালি বুদ্ধমূর্তিটি। 

থাইল্যান্ড ও মিয়ানমারের প্রাচীন বৌদ্ধ বিহারের স্থাপত্যশৈলীর আদলে নির্মিত এই বিহারটি ২০২৩ সালের ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

বিহার চত্বরে মূল বুদ্ধমূর্তির পাশাপাশি রয়েছে নান্দনিক প্রবেশদ্বার, দুটি সাদা হাতির ভাস্কর্য, দুটি ড্রাগন, দুটি সিংহ, একটি দৃষ্টিনন্দন প্যাগোডা ও মনোমুগ্ধকর ফোয়ারা। 

পাহাড়ের সবুজ প্রকৃতির মাঝে সোনালি বুদ্ধমূর্তির অপরূপ দৃশ্য ভোরের কুয়াশা কিংবা বিকেলের মৃদু রোদে আরও বেশি মোহনীয় হয়ে ওঠে। চারপাশের শান্ত পরিবেশ আর স্থাপত্যের সৌন্দর্য দর্শনার্থীদের মনে তৈরি করে এক প্রশান্তির অনুভূতি।

স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বান্দরবান শহরে প্রবেশের পথেই এমন দৃষ্টিনন্দন স্থাপনা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি প্রতিদিনই এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী পর্যটক ও ভ্রমণপিপাসু মানুষ। পাহাড়, প্রকৃতি ও বৌদ্ধ স্থাপত্যের অপূর্ব সমন্বয়ে গোল্ডেন বুদ্ধ মনাস্ট্রি এখন বান্দরবানের পর্যটন আকর্ষণে যোগ করেছে নতুন মাত্রা।