...|...|...

সারাদেশ

সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:১৫ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:১৬
Shares
সাবেক এমপি সেলিম ওসমানকে ধরতে ডিবির অভিযান

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তবে তার মালিকানাধীন পোশাক কারখানায় অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফতুল্লায় অবস্থিত সেলিম ওসমানের মালিকানাধীন ‘উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’ পোশাক কারখানায় এ অভিযান চালানো হয়। শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়।

কারখানা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার বিকেলে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন ব্যক্তি কারখানার প্রধান ফটকে এসে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। এ সময় তারা নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কাছে সেলিম ওসমানের অবস্থান জানতে চান।

জবাবে আনসার সদস্যরা জানান, ডিবি পুলিশ আসার প্রায় এক ঘণ্টা আগেই কারখানার ছুটি হয়ে গেছে। শ্রমিকরাও চলে গেছেন। ভেতরে তখন কেউ ছিলেন না। পরে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে চলে যান ডিবি সদস্যরা।

এর আগে বিভিন্ন সময়ে সেলিম ওসমান ফতুল্লায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করেন বলে অভিযোগ করে আসছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। গত ঈদুল ফিতরের পর ওই কারখানায় তিনি ঈদ পুনর্মিলনীর আয়োজনও করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) হাসিনুজ্জামান বলেন, কয়েক দিন ধরেই আলোচনা হচ্ছিল, সেলিম ওসমান মাঝেমধ্যে ফতুল্লায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। বৃহস্পতিবার পুলিশের কাছে খবর আসে, তিনি সেখানে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। তবে সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় সেলিম ওসমানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। তার অবস্থান নিশ্চিত হওয়া গেলে গ্রেফতার করা হবে।

এর আগে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর রাতে সেলিম ওসমানকে গ্রেফতারে অভিযান চালিয়েছিল ফতুল্লা মডেল থানা পুলিশ। তবে সেবারও তাকে পাওয়া যায়নি।