...|...|...

সারাদেশ

চট্টগ্রামে সাত মাসের যমজ কন্যাসহ বাবার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:০৬
Shares
চট্টগ্রামে সাত মাসের যমজ কন্যাসহ বাবার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী থানা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাবা মো. জাহেদ হোসেন (৫০) এবং তার সাত মাস বয়সী যমজ দুই কন্যা জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার সময় শিশুদের মা আফিয়া বেগম পরিবারের অন্য সদস্যদের সাথে স্থানীয় মসজিদে মানত পূরণ করতে গিয়েছিলেন। বাড়িতে ফিরে তিনি স্বামী ও দুই সন্তানকে নিথর অবস্থায় দেখতে পান।

পরে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

নিহত জাহেদ চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল আজানী পাড়ার বাসিন্দা। তিনি বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশু দুটির মৃত্যুর পর বাবা নিজের জীবন শেষ করে থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

মাত্র সাত মাসের দুই শিশুর মৃত্যু এবং বাবার এমন করুণ পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।