...|...|...

সারাদেশ

সংসদের নারী সদস্যরা পুরুষদের তুলনায় অনেক বেশি স্মার্ট: স্পিকার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১০:৪৮
Shares
সংসদের নারী সদস্যরা পুরুষদের তুলনায় অনেক বেশি স্মার্ট: স্পিকার

ছবি: সংগৃহীত

এবারের সংসদে পুরুষ সদস্যদের তুলনায় নারী সদস্যরা অনেক বেশি স্মার্ট বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

তিনি বলেন, এবারের সংসদে নারী সংসদ সদস্যরা পুরুষ সদস্যদের তুলনায় অনেক বেশি স্মার্ট ও যোগ্য। তাদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক এবং প্রকৌশলীও রয়েছেন। সংসদে তাদের জ্ঞান, ব্যক্তিত্ব, কথা বলার ধরন ও সংসদীয় আচরণ আমাকে মুগ্ধ করেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

তিনি বলেন, একটি অনুষ্ঠানে তিনি প্রস্তাব দিয়েছেন, ৩০০ আসনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দল যেন এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেয়। তারা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। এভাবেই নারীর প্রকৃত রাজনৈতিক সক্ষমতা প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে বিদ্যালয় প্রাঙ্গণ স্বাধীনতার প্রস্তুতি ও সংগঠনের কেন্দ্রে পরিণত হয়েছিল। এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের প্রথম সচিবালয়। মুক্তিযুদ্ধ পরিচালনা ও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য গঠিত হয়েছিল সংগ্রাম পরিষদ।

তিনি আরও বলেন, ১৭ এপ্রিল পর্যন্ত বরিশালে এই সংগ্রাম পরিষদ ও সচিবালয় দক্ষিণাঞ্চলে স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে স্পিকার বলেন, যে প্রতিষ্ঠান তাদের গড়ে তুলেছে, সেই প্রতিষ্ঠানের প্রতিও তাদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সচ্ছল নয়। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।