...|...|...

সারাদেশ

গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে প্রায় ২ শতাধিক মানুষ অসুস্থ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ৯:১২
Shares
গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে প্রায় ২ শতাধিক মানুষ অসুস্থ

গাইবান্ধায় মজলিসের দাওয়াত খেয়ে প্রায় ২ শতাধিক মানুষ অসুস্থ। ছবি: টাইমস টুডে

গাইবান্ধার সাঘাটায় মজলিসের দাওয়াতের খাবার খেয়ে অন্তত ২০০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আক্রান্তদের মধ্যে ডায়রিয়া ও পেটের পীড়ার তীব্র উপসর্গ দেখা দেওয়ায় অনেককে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ও বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার বোনারপাড়া ইউনিয়ন কালপানি নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের বাবলু ব্যাপারীর ছেলে জাইদুল ইসলাম সম্প্রতি মারা যাওয়ার কারণে তার আত্মার মাগফিরাত কামনায় একটি মজলিসের আয়োজন করা হয়। আর্থিক সীমাবদ্ধতার কারণে বাবলু ব্যাপারী প্রতিবেশী ও এলাকার মানুষের কাছ থেকে চাল ও অর্থ সহায়তা সংগ্রহ করে এই ভোজের ব্যবস্থা করেছিলেন।

এতে আশপাশের নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষ দাওয়াতে অংশ নেন। আর সেই খাওয়ার পর গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার দুইদিনে প্রায় ২ শতাধিক মানুষ একের পর এক অসুস্থ হতে দেখা যায়। বর্তমানে অসুস্থ অনেকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি আছেন।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, গত মঙ্গলবার থেকে আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১০০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন। বর্তমানে ৩৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও জেলা হাসপাতাল ও বগুড়ায় অনেকে চিকিৎসা নিচ্ছে।