...|...|...

সারাদেশ

দুর্গাপূজার দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে নারী আনসার সদস্যের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১:৪৪
Shares
দুর্গাপূজার দায়িত্ব পালনকালে অসুস্থ, হাসপাতালে নারী আনসার সদস্যের মৃত্যু

নিহত নারী আনসার সদস্য মোছা. পারভীন বেগম। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় দুর্গাপূজার দায়িত্ব পালন শেষে নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। সাদুল্লাপুর উপজেলা দুর্গাপূজার মণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়ার পর মোছা. পারভীন বেগম (৪৫) নামে এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। 

শনিবার অসুস্থ হওয়ার পর তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৮ অক্টোবর) তার মৃত্যু হয়।

পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মো. মফিজল হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালন করছিলেন পারভীন। সকাল ১১টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। পরে বিষয়টি প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে ছুটি নিয়ে বাড়িতে ফিরে যান।

বাড়িতে ফেরার পর তার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তার মৃত্যু হয়। স্বজনেরা জানিয়েছেন, মৃত্যুর সময়ও তার শরীরে স্যালাইন চলছিল।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেখা রাণী রায় বলেন, দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়ার পর পারভীন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারভীন বেগমের মৃত্যুর ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ এ কে এ এম হাবিবুল ইসলাম বলেন, তিনি আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে।