হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চরম দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনে প্রবেশ করে। এর আগে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনটির ইঞ্জিন থেকে ধোঁয়া দেখতে পান চালক। পরে তিনি ধীরে ধীরে ট্রেনটি স্টেশনে নিয়ে আসেন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা স্টেশনে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে, ইঞ্জিনে আগুন লাগার খবরে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার নাজিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি সরিয়ে আখাউড়া থেকে বিকল্প একটি ইঞ্জিন আনা হয়েছে। বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি সিলেটের উদ্দেশে পাঠানো হবে। এ ছাড়া অন্য কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক আছে।


