আমার বাবা বলেছিল আগামীকাল (শুক্রবার ১৬ অক্টোবর) আমাদের পূজার জামা কিনে দিবে, কিন্তু আমাদের পরিবারে এবার আর পূজার আনন্দ হবে না কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিল ভুক্তভোগী কৃষক গোপাল রবিদাশের মেয়ে।
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্বশত্রুতার জেরে টমেটো ক্ষেতে বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই বিঘা জমির টমেটো গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ আড়াই থেকে তিন লাখ টাকা।
ঘটনাটি ঘটেছে উপজেলার ধলাই চা-বাগান সংলগ্ন এলাকায়। ভুক্তভোগী কৃষক গোপাল রবিদাশ। অভিযুক্ত প্রতিবেশী ইমন দাশ।
জানা গেছে, গোপাল রবিদাশ ও তার তিন ছেলে মিলে প্রায় তিন বিঘা জমিতে টমেটো চাষ করে জীবিকা নির্বাহ করেন। টমেটো বিক্রির টাকায় এবার পরিবারের সবার জন্য দুর্গাপূজার নতুন কাপড় কেনার কথা ছিল। বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তার ক্ষেতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঘটনার সময় দুই প্রত্যক্ষদর্শী কমল গোড় ও কানাই লাল টমেটো বাগানে গিয়ে ইমন দাশকে গাছে রাসায়নিক পদার্থ স্প্রে করতে দেখেন। এ সময় তাকে আটক করা হয়। পরে ক্ষতিগ্রস্ত গাছগুলোর পাতা হলুদ হয়ে মরে যেতে শুরু করে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক গোপাল রবিদাশ কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কমর উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, একটি অসহায় পরিবার কৃষি চাষ করে তিনবেলা খাবারের জোগাড় করে। এমন ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ইমন দাশের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


