সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মা রেজিয়া খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ছেলে নুরু আলমের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর আনুমানিক ৫টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। অভিযুক্ত নুরু আলমের বয়স ৪৫ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে রেজিয়া খাতুনের টিনের বসতঘরে পারিবারিক বিষয় নিয়ে তার সাথে ছেলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নুরু আলম ধারালো দা দিয়ে মায়ের গলার পেছনে কোপ দেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরু আলমকে আটক করে। পরে রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামিকে আমাদের হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান।


