...|...|...

সারাদেশ

সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৩৭
Shares
সুনামগঞ্জে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বাগবিতণ্ডা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পথচারী আঘাত পেয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে ছাত্রদল ও ছাত্রশিবির গোবিন্দগঞ্জ পয়েন্টে পৃথক মিছিল বের করে। একপর্যায়ে মিছিল দুটি মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় যানবাহন আটকে সিলেট-সুনামগঞ্জ ও ছাতক সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গোবিন্দগঞ্জ পয়েন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার দুই পক্ষ একই সময়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল বের করলে তাদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পথচারী আঘাত পান।

ছাতক থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানবাহন চলাচল স্বাভাবিক করে।