...|...|...

রাজনীতি

সরকারি চাকরি দলীয় কর্মীদের পুরস্কৃত করার জায়গা নয়: ছাত্রশিবির সভাপতি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, রাত ১০:২৩
Shares
সরকারি চাকরি দলীয় কর্মীদের পুরস্কৃত করার জায়গা নয়: ছাত্রশিবির সভাপতি

ছবি: সংগৃহীত

জুলাই সনদের আলোকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার, সরকারি চাকরিতে নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত এবং পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সরকারি চাকরি কোনো রাজনৈতিক দলের অনুগত কর্মীদের পুরস্কৃত করার জায়গা নয়, এটি রাষ্ট্রের সেবা করার দায়িত্ব। তাই নিয়োগ হতে হবে মেধা, দক্ষতা ও সততার ভিত্তিতে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের পাদদেশে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গঠন। কিন্তু পিএসসি, ইউজিসি, বিচার বিভাগ ও প্রশাসনে মেধা ও জ্যেষ্ঠতা উপেক্ষা করে এখনো দলীয়করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

পিএসসির প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিতের দাবি জানিয়ে তিনি নিয়োগ প্রক্রিয়া সর্বোচ্চ ১২ মাসের মধ্যে শেষ করতে ‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতি ও বার্ষিক নিয়োগ ক্যালেন্ডার চালুর প্রস্তাব দেন।

এছাড়া প্রাথমিক শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত এবং বিসিএসের গেজেট থেকে রাজনৈতিক পরিচয়ের অজুহাতে প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে নিয়োগব্যবস্থা সংস্কারে ১৩ দফা প্রস্তাব তুলে ধরে ছাত্রশিবির। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে—১৫ কার্যদিবসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা, নেতিবাচক রিপোর্ট থাকলে প্রার্থীকে লিখিতভাবে কারণ জানিয়ে আপিলের সুযোগ দেওয়া, মৌখিক পরীক্ষার অডিও রেকর্ড সংরক্ষণ এবং প্রশ্নফাঁস ও প্রক্সি ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা।