...|...|...

রাজনীতি

রাষ্ট্র সংস্কারে নতুন সনদ তৈরির দাবি এবি পার্টির চেয়ারম্যানের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৯
Shares
রাষ্ট্র সংস্কারে নতুন সনদ তৈরির দাবি এবি পার্টির চেয়ারম্যানের

ছবি: সংগৃহীত

বর্তমান সংবিধান ও প্রতিশ্রুতি ভঙ্গকারী রাজনৈতিক নেতৃত্ব দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। রাষ্ট্র সংস্কারের জন্য নতুন করে সনদ তৈরি এবং তাতে চার কোটি মানুষের স্বাক্ষর নেওয়ার উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এবি পার্টি আয়োজিত ‘বছর পেরিয়ে জুলাই সনদ: গণ-অভ্যুত্থানের তরুণ অংশীজনদের সাথে মতবিনিময়’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মঞ্জু।

তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণকেই প্রকৃত অংশীজন হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য নতুন করে সনদ তৈরি করে তাতে চার কোটি মানুষের স্বাক্ষর নেওয়ার উদ্যোগ প্রয়োজন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অদক্ষতা ও অনভিজ্ঞতার কারণে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে উপহাস করে ‘এনজিওগ্রাম সরকার’ বলা হতো। অব্যবস্থাপনা ও অযোগ্যতার কারণে বর্তমান সরকারকে অনেকে ‘লন্ডনী-গো’ সরকার বলছে।

তিনি আরও বলেন, মাহমুদুর রহমান অনেক আগেই বলেছিলেন, ফ্যাসিবাদ রুখতে হলে গণ-অভ্যুত্থানের পাশাপাশি সাংস্কৃতিক বিপ্লবও প্রয়োজন। সৈনিকদের এক যুদ্ধের পর আরেক যুদ্ধের প্রস্তুতি নিতে হয়। তাঁদেরও সেই প্রস্তুতি নিতে হবে।

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সব সমস্যার সমাধান হয়নি উল্লেখ করে মঞ্জু বলেন, নির্বাচনেও সংকটের সমাধান হয়নি; বরং সংকট আরও ঘনীভূত হচ্ছে। সীমান্তের ওপার থেকে ফ্যাসিবাদী শক্তি উল্লসিত হচ্ছে।

সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং দৈনিক ওয়াদা-এর সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান সভায় স্বাগত বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।