...|...|...

রাজনীতি

মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক হোসেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪১
Shares
মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদ সদস্য ইশরাক হোসেন। কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় পর্যায়ে স্যান্ডো ও কোরাস প্রতিযোগিতায় স্বর্ণপদকজয়ী খেলোয়াড় ও সংগঠক মাহফুজ হাসান।

নতুন এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের সই করা এক আদেশে নতুন অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। আদেশ জারির দিন থেকেই কমিটির কার্যক্রম কার্যকর হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে আগের অ্যাডহক কমিটি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এ কারণে আগের কমিটি বিলুপ্ত করে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশোধিত বিধান অনুসারে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির ছয়জন সহ-সভাপতি হলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, প্রকৌশলী মো. আব্দুল হালিম, মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম এবং শাহেদ ওয়াহেদ আলী।

কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষ করা হয়েছে আরবিএফসি ফাইট প্রমোশনের চেয়ারম্যান ও চ্যাম্পিয়ন এজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুল্লাহ পারভেজকে।

নতুন কমিটির সদস্যরা হলেন অ্যাডভোকেট মো. তাইফুর রহমান (সুমন), মো. বাবুল আহমেদ রুবেল, মো. মহিউদ্দিন, তাসলিমা চৌধুরী রিতা, পারভীন আক্তার, আমিরুল ইসলাম, হাসনা হেনা হ্যাপি, মো. আরিফ হোসেন, মো. সেলিম মাহমুদ, মো. নাজমুস সাকিব, নাদিম মাহমুদ, মঞ্জুর হোসেন বাদল ও জুয়েল রক্ষিত।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. খাইরুল হাসান, মো. আছরার আহমেদ, আরমানুল করিম আবীর, হোসেন অংকুর আন্দালিব এবং মো. পলাশ।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করতে হবে।