গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ১০টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইলিয়াস ফকির নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তবে তার গাড়িবহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। তিনি রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়।
এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজের নির্বাচনি এলাকায় ফিরছিলেন। মুকসুদপুরে প্রবেশের পথে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য নিজে অক্ষত রয়েছেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ইলিয়াস ফকিরকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গুরুতর আহত আরও ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


