সাহিত্যিক ও নাট্যকার ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকীত রাজবাড়ীর পদমদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে বাংলা একাডেমির আয়োজনে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ আমন্ত্রিত অতিথিরা।
এ ছাড়া বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা পরিদর্শন করেন অতিথিরা। পরে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
তিনি বলেন, বিগত সময়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, তাদের সময়ে সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে প্রত্যাশিত অগ্রগতি হয়নি। একটি জাতির প্রকৃত বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসচর্চার গুরুত্ব অপরিসীম। মীর মশাররফ হোসেনের মতো কালজয়ী সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তার স্মৃতি সংরক্ষণ এবং পদমদীর স্মৃতিকেন্দ্রকে সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ বলেন, মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তার রচিত ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। অথচ তার স্মৃতিবিজড়িত পদমদীর স্মৃতিকেন্দ্রটি আরও সমৃদ্ধ ও আধুনিক হওয়ার প্রয়োজন রয়েছে।
নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যকর্ম তুলে ধরতে স্মৃতিকেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সমৃদ্ধ পাঠাগার ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি এখানে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. মো. সেলিম রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক শাহজালাল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ এবং রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী।
অনুষ্ঠানে মীর মশাররফ হোসেনের জীবন, সাহিত্যকর্ম ও বাংলা সাহিত্যে তার অবদান নিয়ে প্রবন্ধ পাঠ করেন লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আলোচক হিসেবে বক্তব্য দেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) সাইফুর রহমান (খোকন মাহমুদ) প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তার জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আরও গবেষণা এবং সাহিত্যচর্চার সুযোগ তৈরি করতে হবে। পাশাপাশি স্মৃতিকেন্দ্রটির যথাযথ সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে এটিকে দেশ-বিদেশের সাহিত্যপ্রেমী ও গবেষকদের আকর্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
শেষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।


