রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র একজন। অন্যদিকে, প্রতিষ্ঠানটির কলেজ শাখায় শিক্ষক রয়েছেন ১৩ জন। এমন ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর বালিয়াকান্দি উপজেলার এই প্রতিষ্ঠানের ফলাফলের চিত্র সামনে আসে।
প্রতিষ্ঠানটির কলেজ শাখার ভারপ্রাপ্ত প্রধান নাসির উদ্দিন সুইট বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বছর কলেজ থেকে ১৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে মাত্র একজন। কলেজ শাখায় বর্তমানে ১৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। তবে এবারের পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।
বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এমন ফলাফল ঘিরে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফল নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।


