গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে প্রায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় একটি গাড়িতে থাকা সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে একটি প্রাইভেটকারের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব যানবাহনে থাকা প্রায় শতাধিক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
দুর্ঘটনার শিকার যানবাহনের মধ্যে সংসদ সদস্য সেলিমুজ্জামানের দুটি গাড়ি ছিল। ঢাকা থেকে নির্বাচনী এলাকার উদ্দেশে যাওয়ার সময় তার একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে তিনি নিরাপদ থাকলেও রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


