শরীয়তপুর-চাঁদপুর নৌপথে চলন্ত ফেরিতে বালুভর্তি বাল্কহেডের সজোরে ধাক্কায় তরিকুল ইসলাম (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। দুর্ঘটনার পর ঘাতক বাল্কহেডটি জব্দ এবং এর দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে মেঘনা নদীর বেড়াচাক্কি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। সে পরিবারের সাথে চাঁদপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। ফেরিটি ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি বাল্কহেড দ্রুতগতিতে এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ও অন্যান্য যানজটপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বাল্কহেড ও বাসের মাঝখানে চাপা পড়ে তিন শিশু গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তরিকুল মারা যায়। স্থানীয়দের সহযোগিতায় আহত অপর দুই শিশুকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে চাঁদপুরে পাঠানো হয়।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ফেরিটি মেঘনার মূল অংশ পাড়ি দিয়ে একটি চরের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকটি বালুভর্তি বাল্কহেড চলাচল করছিল। এর মধ্যে একটি দ্রুতগতির বাল্কহেড চলন্ত ফেরিটিকে ধাক্কা দেয়। এতে ফেরির ওপর থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয় এবং বাসের নিচে চাপা পড়ে ওই শিশু হতাহতের ঘটনা ঘটে।’
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ-পুলিশ সদস্যরা সেটিকে ধাওয়া করে জব্দ করেন। এ সময় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়। এ ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে নিয়মিত মামলা হয়েছে।


