সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে মুস্তাকিম হোসেন একটি অটোরিকশা (ভ্যান)-এ করে যাত্রা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে শিশুটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭। ঘটনার পর ট্রাকচালক আল আমিন হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করে কালিগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে। একই সাথে দুর্ঘটনায় ব্যবহৃত ট্রাকটিও পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ঘাতক ট্রাক ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’


