যশোরে ইউনিয়ন বিএনপির নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেল বোমা ও একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়ি থেকে ককটেল বোমা ও চিরকুট উদ্ধার করে পুলিশ।
শিমুল চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এই ঘটনায় ভুক্তভোগী বিএনপি নেতা ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।
ভুক্তভোগী বিএনপি নেতা শিমুল হোসেন বলেন, সকালে বাড়ির উঠানের একপাশে দুটি লাল টেপের জর্দার কৌটা সাদৃশ্য বস্তু দেখতে পাই। একটু কাছে গিয়ে দেখি, এগুলো ককটেল সাদৃশ্য। পরে পুলিশকে খবর দিলে তারা এসব ককটেল উদ্ধার করে। পরে ককটেলের পাশেই একটি চিরকুট পাওয়া যায়। সেখানে দুর্বৃত্তরা হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা।
অভিযোগ করে তিনি জানান, বৃহস্পতিবার রাতে কে বা কারা বাড়িতে এই ককটেল ছুড়ে মারে। যারা দেশকে অস্থিতিশীল করতে চাই তারাই এই কাজ করছে। দুর্বৃত্তরা আমার বাড়িতে ককটেল বিস্ফারণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ঘটাতে চাইছিলেন। কিন্তু এগুলো বিস্ফোরণ ঘটেনি। এই ধরনের ঘটনায় এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ডিবি পুলিশের একটি টিম, কোতোয়ালি থানা ও সাজিয়ালী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এসময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে। পরে অবিস্ফোরিত অবস্থায় বোমাসদৃশ দুইটি বস্তু ও চিরকুট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।


