...|...|...

সারাদেশ

মাগুরায় রেল স্টেশন নির্মাণে অগ্রগতি, বাস্তব রূপ পাচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশা

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৩
Shares
মাগুরায় রেল স্টেশন নির্মাণে অগ্রগতি, বাস্তব রূপ পাচ্ছে দীর্ঘদিনের প্রত্যাশা

ছবি: সংগৃহীত

বহু বছরের অপেক্ষা আর প্রতিশ্রুতির পর অবশেষে বাস্তবে রূপ নিতে শুরু করেছে মাগুরাবাসীর স্বপ্নের রেল স্টেশন। কাগজে-কলমে নয়, এখন চোখের সামনেই দৃশ্যমান হচ্ছে স্টেশন ভবন ও প্ল্যাটফর্ম। দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ।

সরেজমিনে দেখা গেছে, মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় স্টেশনের মূল ভবন, প্ল্যাটফর্ম ও অন্যান্য অবকাঠামোর কাজ এখন স্পষ্টভাবে চোখে পড়ছে। প্রতিদিনই নতুন করে আকৃতি পাচ্ছে স্টেশন এলাকা। শ্রমিকরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

দীর্ঘদিন ধরে রেল সংযোগ থেকে বঞ্চিত ছিল মাগুরা জেলা। ট্রেন ধরতে জেলার মানুষকে যেতে হতো ফরিদপুর, যশোর কিংবা পার্শ্ববর্তী জেলায়। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হতো। রেলপথ চালু হলে সেই দুর্ভোগের অবসান হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টেশনের পাশাপাশি রেললাইন, সেতু ও অন্যান্য অবকাঠামোর কাজও সমানতালে চলছে।

এদিকে স্টেশনের কাজ দৃশ্যমান হওয়ায় মাগুরাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এতদিন স্বপ্ন মনে হলেও এখন মনে হচ্ছে স্বপ্ন সত্যি হতে চলেছে। সবাই এখন দিন গুনছেন, কবে মাগুরার মাটিতে প্রথম ট্রেনের হুইসেল বাজবে।

ব্যবসায়ী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ মনে করছেন, রেল চালু হলে মাগুরা থেকে সরাসরি ফরিদপুর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাতায়াত অনেক সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনীতিতে নতুন গতি আসবে।

মাগুরাবাসীর প্রত্যাশা, এই গতি অব্যাহত রেখে দ্রুতই শেষ হবে স্টেশনের নির্মাণ কাজ। আর খুব শিগগিরই মাগুরার মানুষ ট্রেনে চড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে পারবেন।