...|...|...

সারাদেশ

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেফতার

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৫৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২৪
Shares
ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেফতার

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপুকে (৬২) তার ছেলেসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খান সাহেবের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামছুর রহমান ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে ও বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব (৩২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শামছুর রহমান টিপু ও তার ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। পরে সেখান থেকে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, তাদের সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।