ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আরিশা জান্নাতকে তার মা চিকিৎসকের কাছে নেওয়ার জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা হন। পথে আটরশি এলাকায় একটি হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহনের কাছ থেকে টাকা সংগ্রহ করছিলেন মাহুত। এ সময় হাতির ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে শিশুটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় এবং সাথে থাকা আরও কয়েকজন যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দিয়ে আটক করে এবং হাতিটিকেও আটকে রাখে। পরে খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হাতিটিকে জব্দ করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।’


