...|...|...

লাইফস্টাইল

ব্যস্ত পৃথিবীতে মানবিক হওয়ার আহ্বান, আজ বিশ্ব দয়া দিবস

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪৭
Shares
ব্যস্ত পৃথিবীতে মানবিক হওয়ার আহ্বান, আজ বিশ্ব দয়া দিবস

ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিশ্ব দয়া দিবস। মানুষের প্রতি সহমর্মিতা দেখানো, ভালো কাজে এগিয়ে আসা এবং পারস্পরিক শ্রদ্ধা বাড়ানোর বার্তা নিয়ে প্রতিবছর দিনটি পালিত হয়। ইংরেজিতে এটি ‘ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে’ নামে পরিচিত।

ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্টের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালের ১৩ নভেম্বর দিবসটির সূচনা হয়। এর আগে ১৯৯৭ সালে জাপানের টোকিওতে বিভিন্ন দেশের সমমনা সংগঠনগুলো একটি সম্মেলনে মিলিত হয়। সেখানেই বিশ্বব্যাপী দয়ার চর্চা ছড়িয়ে দেওয়ার আন্দোলনের ভিত্তি তৈরি হয়। সমাজের ভালো কাজগুলো সামনে আনা এবং মানুষকে সহমর্মিতার বন্ধনে যুক্ত করাই দিবসটির উদ্দেশ্য।

প্রতিদিনের ছোট আচরণেও দয়ার প্রকাশ ঘটতে পারে। কারও কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনের সময় সহযোগিতা করা কিংবা অপরিচিত মানুষের সাথে সৌজন্য দেখানোও এর উদাহরণ। সেভ দ্য চিলড্রেন দিবসটি পালনে প্রতিবেশীর খোঁজ নেওয়া, স্থানীয়ভাবে সহায়তা দেওয়া এবং স্বেচ্ছাসেবায় সময় দেওয়ার পরামর্শ দিয়েছে।

ইউনেসকোর শিক্ষা ও শান্তিবিষয়ক প্রতিষ্ঠান এমজিআইইপির মতে, সামাজিক ও আবেগীয় শিক্ষার মাধ্যমে মানুষের মধ্যে সহমর্মিতা ও দয়ার চর্চা বাড়ানো সম্ভব। এ ধরনের শিক্ষা নিজের আবেগ বুঝতে, অন্যের অনুভূতিকে গুরুত্ব দিতে এবং গঠনমূলক কাজে যুক্ত হতে সহায়তা করে।

পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা অনলাইন যোগাযোগ-সবখানেই অন্যকে মর্যাদা দেওয়া ও ভিন্নমতকে সম্মান করার সুযোগ রয়েছে। ব্যস্ততার মধ্যেও চারপাশের মানুষের প্রয়োজন বুঝে পাশে দাঁড়ানো এবং মানবিক আচরণকে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করার কথাই মনে করিয়ে দেয় বিশ্ব দয়া দিবস।