আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা হ্যামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের (HIPA) ১৫তম আসরে গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। এই প্রথম কোনো বাংলাদেশি আলোকচিত্রী প্রতিযোগিতাটির সর্বোচ্চ পুরস্কার অর্জন করলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকা একটি পরিবারের ছবি তুলে এ পুরস্কার জিতেছেন পিনু। ছবিটির নাম ‘আন্ডার দ্য সেম স্কাই’ বা ‘একই আকাশের নিচে’।
ছবিতে আগুনে ঘর ও সম্পদ হারানো একটি পরিবারের সদস্যদের খোলা আকাশের নিচে ঘুমিয়ে থাকতে দেখা যায়। আশ্রয় ও সহায়-সম্বল হারানোর পরও পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বন্ধনের দৃশ্য ফুটে উঠেছে ছবিটিতে।
এবারের হিপা প্রতিযোগিতার মূল বিষয় ছিল ‘পরিবার’। প্রচলিত পারিবারিক সম্পর্কের ধারণার বাইরেও বৃহত্তর অর্থে পরিবারকে তুলে ধরার আহ্বান জানানো হয়েছিল আলোকচিত্রীদের।
এই অর্জনে আনন্দ প্রকাশ করে পিনু রহমান বলেন, মানুষের গল্প তুলে ধরতে তিনি সব সময় ভালোবাসেন। আন্তর্জাতিক বড় একটি মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে পুরস্কার জেতা তার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এ অর্জন আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার ক্ষেত্রে তার যাত্রা ও দায়িত্ববোধ আরও বাড়িয়েছে বলেও জানান তিনি।
পিনু রহমান পেশায় একজন ব্যাংকার। তিনি রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি পিরোজপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।
আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে চলতি বছরটি পিনুর জন্য বেশ সাফল্যময়। হিপা-তে গ্র্যান্ড প্রাইজ জয়ের আগে ২০২৬ সালের Sony World Photography Awards-এ বাংলাদেশের জাতীয় পুরস্কার অর্জন করেন তিনি।
এ ছাড়া ইতালির Siena Creative Photo Awards 2026-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবির জন্য প্রথম পুরস্কার পান পিনু। ছবিটিতে মাথায় পাটের বোঝা নিয়ে এক প্রবীণ শ্রমিককে দেখা যায়। একই আয়োজনে তার ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ ছবিটি Siena International Photo Awards-এ ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতি পায়।
এবারের হিপা প্রতিযোগিতায় পরিবার, খেলাধুলা, পোর্টফোলিও, সাধারণ এবং নতুন যুক্ত হওয়া ‘ড্রিমস থ্রু এআই’ বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালে হিপা-র অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ বিভাগে প্রথম পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। বিভিন্ন আসরে আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছেন। তবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রাইজ এবারই প্রথম কোনো বাংলাদেশির হাতে উঠল।

