...|...|...

খেলা

মেসিকে ঘিরে স্পেনে উন্মাদনা, হাত কাটলেন ভক্ত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৮
Shares
মেসিকে ঘিরে স্পেনে উন্মাদনা, হাত কাটলেন ভক্ত

ছবি: সংগৃহীত

স্পেনের ওবিয়েদো শহরে লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের উন্মাদনা দেখা গেছে। প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্ত্রী আন্তোনেলাকে নিয়ে সেখানে গেছেন আর্জেন্টাইন মহাতারকা। তাকে একনজর দেখার আশায় ভিড় করছেন অসংখ্য ভক্ত। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে কাছ থেকে দেখার জন্য কাজে যেতে না হয়, সে জন্য এক তরুণ নিজের হাত কেটে ফেলেছেন।

হাজারো ভক্তের উল্লাস আর করতালির মধ্যে স্পেনে পৌঁছান মেসি। সকাল ৭টার দিকে তিনি হোটেল দে লা রেকনকিস্তায় ওঠেন। অল্প সময়ের মধ্যেই হোটেলের প্রধান প্রবেশপথে ভক্ত ও সাংবাদিকদের ভিড় জমে যায়।

কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কালো আনুষ্ঠানিক পোশাকে বাইরে আসেন মেসি। ভক্তদের সাথে ছবি তোলার পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সি, পতাকাসহ বিভিন্ন সামগ্রীতে অটোগ্রাফ দেন তিনি। ভক্তদের কাছ থেকে উপহারও পান এই ফুটবল তারকা। উপহারের মধ্যে ছিল আর্জেন্টিনার মিষ্টি এবং কর্নস্টার্চ দিয়ে তৈরি বিশেষ বিস্কুট আলফাখোরেসের একটি ট্রে।

মেসিকে কাছ থেকে দেখার আগ্রহে শহরজুড়ে ভক্তদের ভিড় দেখা যায়। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, এক তরুণ মেসিকে দেখতে কর্মস্থলে যেতে না হয়, সে জন্য নিজের হাত কেটে ফেলেছেন বলে জানা গেছে।

স্পোর্টস প্যালেসে শিক্ষার্থী শিশু-কিশোরদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে মেসির। এ ছাড়া হোটেলে পুরস্কারের অন্য বিজয়ীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। সেখানে আস্তুরিয়াসের রাজকুমারী লিওনর দে বোরবন ই ওর্তিথ তাকে স্মারক পিন উপহার দেবেন। সন্ধ্যায় স্পেনের রাজা ও রানিসহ পুরস্কারের অন্য বিজয়ীদের সাথে নৈশভোজেও অংশ নেবেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুক্রবার বিকেলে ওবিয়েদোর কাম্পোয়ামোর থিয়েটারে আনুষ্ঠানিকভাবে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করবেন মেসি। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বের অসহায় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

পুরস্কারটি পেতে পেরে আনন্দিত মেসি। এই বিশেষ মুহূর্তে প্রয়াত বাবার কথাও স্মরণ করেছেন তিনি। মেসি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব খুশি। আসলে, এই পুরস্কার নিয়ে আমার বাবা খুবই রোমাঞ্চিত ছিলেন। আমার অনেক ম্যাচের কারণে এখানে আসা কঠিন হবে, সেটা আমরা জানতাম। কিন্তু বাবা বারবার জোর দিচ্ছিলেন, যেন আমরা আসি এবং আমি এখানে এসে এই কটাদিন কাটাই ও পুরস্কারটি গ্রহণ করি।’

তিনি আরও বলেন, ‘একজন মানুষ মাঠে যা করে, কিংবা পেশাদার ক্যারিয়ারে আমি যা করেছি, এই পুরস্কার তার চেয়েও বেশি কিছুর স্বীকৃতি। সত্যি বলতে, আমি এই স্বীকৃতি পেলে তিনি খুব খুশি হতেন। তাই আমি নিশ্চিত, তিনিও এখনও এটি উপভোগ করছেন।’

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করেই নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন মেসি। সেখানে শনিবার মেজর লিগ সকারের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে তার ক্লাব ইন্টার মায়ামি।