ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন এবার উদ্যাপনের পরিকল্পনাও করে রেখেছেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল। গতবারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি ট্রফি জয়ের আশায় বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে লন্ডন যাওয়ার ব্যবস্থাও করেছেন এই স্প্যানিশ ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে আশাবাদী ইয়ামাল। পুরস্কারটি হাতে পেলে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে বড় পরিসরে উদ্যাপনের পরিকল্পনা রয়েছে তার। এ জন্য লন্ডন সফরের আয়োজনও করা হচ্ছে বিশেষভাবে।
সংবাদমাধ্যমটির তথ্য বলছে, আগামী সোমবার (২৬ অক্টোবর) ব্যক্তিগত উড়োজাহাজে লন্ডনের উদ্দেশে রওনা হবেন ইয়ামাল। তার সফরসাথী হিসেবে থাকবেন মা শেইলা এবানা, বাবা মুনির নাসরাউই, সাথী ইনেস গার্সিয়া, পরিবারের অন্য সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনেরা। এ ছাড়া তার ব্যবস্থাপনা দলের সদস্যরাও এই সফরে যোগ দেবেন।
তবে উদ্যাপনের প্রস্তুতি থাকলেও ব্যালন ডি’অর জয় নিশ্চিত নয়। গত বছরও এই পুরস্কার জয়ের প্রত্যাশায় প্যারিসে উদ্যাপনের পরিকল্পনা করেছিলেন ইয়ামাল। কিন্তু শেষ পর্যন্ত ট্রফি ওঠে উসমান দেম্বেলের হাতে। ফলে পুরস্কার ছাড়াই ফিরতে হয় ইয়ামালকে। যদিও সেবার সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের স্বীকৃতি হিসেবে কোপা ট্রফি জিতেছিলেন তিনি।
এবার ব্যালন ডি’অরের ৭০তম আসর অনুষ্ঠিত হবে লন্ডনে। ১৯৫৬ সালে এই পুরস্কারের প্রথম বিজয়ী হয়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্ট্যানলি ম্যাথিউস। পুরস্কারটির ইতিহাসে বিশেষ এই মাইলফলক সামনে রেখে এবার তার দেশেই বসছে আয়োজনের আসর।
গত তিন বছর ধরে ব্যালন ডি’অর আয়োজনের সাথে যুক্ত রয়েছে উয়েফা। লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকার লন্ডন প্যালাডিয়ামে স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে।



