...|...|...

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের, স্কোয়াডে সুযোগ পেলেন যারা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:১২
Shares
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা বাংলাদেশের, স্কোয়াডে সুযোগ পেলেন যারা

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে দলে জায়গা পাননি পেসার নাহিদ রানা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টের দলে থাকা সৌম্য সরকার ও পেসার খালেদ আহমেদও বাদ পড়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর ঢাকার মিরপুরে। দ্বিতীয় ম্যাচটি ৫ নভেম্বর থেকে সিলেটে অনুষ্ঠিত হবে। নাজমুল হোসেনের নেতৃত্বে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

নাহিদ রানা গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সাইড স্ট্রেনের চোটে পড়েন। ওই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে পারেননি তিনি। পুনর্বাসন শেষ না হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলেও ছিলেন না এই পেসার।

পুনর্বাসন চলার সময় নতুন করে ব্যথা অনুভব করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও অনুপস্থিত থাকছেন নাহিদ। তার না থাকায় পেস আক্রমণে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদদের।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলার সুযোগ না পাওয়া সৌম্য সরকার এবার দলেই জায়গা পাননি। বাদ পড়েছেন খালেদ আহমেদও। তবে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে না পারলেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন তাওহিদ হৃদয়।

প্রথম টেস্টের দলে স্পিন বিভাগে রয়েছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। মিরাজকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।