২০২৬ সালের পুরুষ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের এক খেলোয়াড়ের লাল কার্ডের পর নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্কের কয়েক মাসের মধ্যেই ফিফার প্রথম নারী ক্লাব বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৮ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের ১৯টি নারী ক্লাব অংশ নেবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নাম ঘোষণা করেছে। নতুন এই টুর্নামেন্টের মাধ্যমে নারী ক্লাব ফুটবলে আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিসর আরও বাড়বে।
ফিফার ঘোষণা অনুযায়ী, ২০২৮ সালের ৫ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ। তবে প্রতিযোগিতার ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের কোন কোন শহরে হবে, তা এখনো জানানো হয়নি। প্রথম আসরের পর প্রতি চার বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে সাতটি ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। দলগুলো হলো ইংল্যান্ডের আর্সেনাল, স্পেনের বার্সেলোনা, মেক্সিকোর আমেরিকা, যুক্তরাষ্ট্রের গোথাম এফসি, ব্রাজিলের করিন্থিয়ান্স, চীনের উহান জিয়াংদা এবং উত্তর কোরিয়ার নেগোহ্যাং এফসি।
এর আগে সম্প্রসারিত ফরম্যাটে পুরুষদের ক্লাব বিশ্বকাপের সর্বশেষ আসরও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল। ফিফা জানিয়েছে, ২০২৬ সালের পুরুষদের বিশ্বকাপ এবং ২০২৫ সালের পুরুষ ক্লাব বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই দেশটিকে আবারও বেছে নেওয়া হয়েছে।
ফিফার নারী ফুটবলবিষয়ক প্রধান সারাই বারেম্যান বলেন, ‘ফিফার শীর্ষস্থানীয় টুর্নামেন্টগুলো আয়োজনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চমৎকার সক্ষমতা, সেখানে নারী ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ এবং উন্নত ক্রীড়া অবকাঠামো সব মিলিয়ে দেশটিকে সবচেয়ে উপযুক্ত বিকল্প হিসেবে গড়ে তুলেছে।’


