গাজীপুরের পূবাইলে ঢাকাগামী এগারোসিন্দুর গোধূলি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পূবাইল রেলওয়ে স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পর চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূবাইল স্টেশন পার হওয়ার পরপরই ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে আগুনের বিষয়টি নজরে এলে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এ সময় আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে আসেন।
পরে ট্রেনে থাকা অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
রেলের সংশ্লিষ্টদের প্রাথমিক ধারণা, ইঞ্জিনের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান বলেন, ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছিল এবং সামান্য আগুনের সৃষ্টি হয়েছিল। বর্তমানে একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


