...|...|...

সারাদেশ

শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে আশুলিয়ায় ৫০ কারখানা বন্ধ

মাসুদুর রহমান রুবেল, সাভার ( আশুলিয়া)
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৩২
Shares
শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের মুখে আশুলিয়ায় ৫০ কারখানা বন্ধ

ছবি: টাইমস টুডে

দুপুরের পর হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল আশুলিয়া। দুপুরের খাবারের বিরতির পর কারখানায় প্রবেশ করে বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেন পোশাকশ্রমিকরা। এ পরিস্থিতিতে অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের পর শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হা-মীম গ্রুপ, শারমিন গ্রুপ, নীট এশিয়া, সাবিহা অ্যাপারেলস, নাইম, আলিফ অ্যাপারেলস, মেডলার ও ডেকো গ্রুপসহ প্রায় ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, দুপুর ৩টার দিকে আশুলিয়ার টংগাবাড়ী এলাকায় আমান নিটিং কারখানায় অন্য কারখানার শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের সরকার মার্কেট এলাকায় হা-মীম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান নেক্সট কালেকশন, স্টারলিং স্টাইল, সেতারা, ইয়াগি বাংলাদেশসহ বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে নিউএইজ গ্রুপ ও অরুণিমা গ্রুপের অধীন আশুলিয়ায় অবস্থিত সব কারখানা এবং এম এম নিট ওয়্যার লিমিটেড বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, আশুলিয়ার ইউনিক, জামগড়া, নরসিংহপুর, জিরাবো, পুকুরপাড়, কাঠগড়া ও বিশমাইল এলাকার ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।