জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুর ও রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুরে টানা ৯ ঘণ্টা এবং রাজশাহীতে পৃথক দুই সময়ে মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবুখাঁ, মধ্য বাবুখাঁ, উত্তর বাবুখাঁ, বাবুখাঁ মহিলা মাদরাসা, পশ্চিম বাবুখাঁ, নাড্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গনেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া, ইঞ্জিনিয়ার পাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
অন্যদিকে, নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন কয়েকটি এলাকায় বৃহস্পতিবার দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার জন্য সকাল সাড়ে ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১১ কেভি অচিনতলা ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ডাবতলা, তেরোখাদিয়া, তেরোখাদিয়া পশ্চিমপাড়া, বসুয়া, নতুন বিলসিমলা, বহরমপুর শেষমাথা, অচিনতলা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এ ছাড়া বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১১ কেভি পোস্টাল ফিডারের আওতাধীন নওদাপাড়া, মধ্য-নওদাপাড়া, মেহেরের মিল বটতলা, তাল পুকুরপাড়া, কয়েরদাড়া, শিল্পীপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


