...|...|...

সারাদেশ

সুন্দরবনে জব্দ করা ২৩০ টন কয়লার কার্গোতে আগুন

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, রাত ১০:০০
Shares
সুন্দরবনে জব্দ করা ২৩০ টন কয়লার কার্গোতে আগুন

ছবি: টাইমস টুডে

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদীতে বন বিভাগের জব্দ করা ২৩০ টন কয়লাবোঝাই একটি কার্গোতে আগুনের ঘটনা ঘটেছে। কয়লার স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন বনরক্ষীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন ও ধোঁয়া নিয়ন্ত্রণে আনেন। তবে কয়লার স্তূপের ভেতরে অতিরিক্ত তাপ থাকায় পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ পরিস্থিতিতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্গো থেকে কয়লা খালাসের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে কার্গোতে থাকা কয়লার স্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখেন বনরক্ষীরা। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় ২৩০ টন ইন্দোনেশীয় কয়লাবোঝাই একটি মিনি কার্গো আটক করেন বনরক্ষীরা। এ সময় কার্গোতে থাকা নয়জনকেও আটক করা হয়। পরে কার্গোটি শরণখোলা রেঞ্জ কার্যালয়ের কাছে ভোলা নদীতে নোঙর করে রাখা হয়।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, বুধবার সকালে কার্গো থেকে ধোঁয়া বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভোলা নদীতে পাম্প মেশিন স্থাপন করে কয়লার ওপর পানি ছিটান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ধোঁয়া নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কার্গো থেকে কয়লা নামানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আফতাব ই আলম বলেন, কার্গোর নিচের অংশে কয়লার অতিরিক্ত তাপ থেকে আগুনের সৃষ্টি হয়। এ কারণে কয়লার স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছিল। পানি ছিটিয়ে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কয়লার স্তূপের ভেতরে জমে থাকা তাপ থেকে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত কয়লা খালাসের জন্য বন বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে।

শরণখোলা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার শ্যামা প্রসাদ রায় বলেন, গত ১৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে সুন্দরবনের ভোলা নদীতে টহল দেওয়ার সময় কার্গোটি আটক করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, আটক ব্যক্তিরা মোংলার জয়মনি এলাকায় একটি মাদার ভ্যাসেল থেকে কয়লা বোঝাই করেছিলেন। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে অবৈধভাবে সুন্দরবনের ভেতর দিয়ে অন্য কোথাও কয়লা পাচারের চেষ্টা করছিলেন।

তিনি আরও বলেন, কয়লা পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে শরণখোলা থানায় মামলা করা হয়। পরে নয় আসামি ও কয়লাবোঝাই কার্গোটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে মামলার আসামিরা বাগেরহাট কারাগারে রয়েছেন।