...|...|...

খুলনা

সুন্দরবনে রাত্রিযাপনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪৫
Shares
সুন্দরবনে রাত্রিযাপনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

সুন্দরবন ভ্রমণে গিয়ে এক পর্যটক নিখোঁজ হওয়ার পর তার লাশ উদ্ধারের ঘটনায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি পর্যটকবাহী ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বন বিভাগ। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই চালু থাকছে।

বন বিভাগের এ সিদ্ধান্তে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে সাতক্ষীরা রেঞ্জের পর্যটন খাতসংশ্লিষ্টদের মধ্যে। তাদের আশঙ্কা, তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ থাকলে স্থানীয় পর্যটনশিল্প, ট্রলার ব্যবসা এবং এ খাতের সাথে জড়িত মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে সুন্দরবনের গভীর অরণ্য ও নৈসর্গিক সৌন্দর্য কাছ থেকে উপভোগের সুযোগ থেকেও বঞ্চিত হবেন পর্যটকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে গিয়ে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। পরে ৮ নভেম্বর রাতে দুবলার চরের আলোরকোলের মাথারখাল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের বডির ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক দিনের অনুমতি আগের নিয়মেই চালু থাকবে। তিন দিনের অনুমতি বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।

নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলে আলোচনা চলছে। পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।

এদিকে, তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন ব্যবসায়ী, ট্রলারমালিক ও ট্যুর গাইডরা। তাদের অভিযোগ, একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিকভাবে সাতক্ষীরা রেঞ্জের পর্যটন কার্যক্রম সীমিত করার সিদ্ধান্ত হঠকারী। এতে সম্ভাবনাময় এ অঞ্চলের পর্যটনশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’ জেলার অন্যতম ব্র্যান্ডিং। সাতক্ষীরা রেঞ্জ দিয়ে সুন্দরবনের যে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়, তা পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। এ অবস্থায় তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ করা হলে পর্যটক কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।

পর্যটকবাহী বোটের মালিক জাহাঙ্গীর আলম বলেন, ঋণ-দেনা করে তারা পর্যটকবাহী বোট তৈরি করেছেন। এখন অনুমতি বন্ধ হয়ে গেলে তাদের পথে বসতে হবে। কীভাবে ঋণের টাকা পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। দ্রুত বন বিভাগের সিদ্ধান্ত পরিবর্তন করে তিন দিনের ভ্রমণের অনুমতি পুনরায় চালুর দাবি জানান তিনি।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। এর আগে এমন দুর্ঘটনা ঘটেনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার পর তিন দিনের পাস বন্ধ করে দেওয়া হলে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা চরম ক্ষতির মুখে পড়বেন।

সুন্দরবনের ট্যুর গাইড জিএম মাসুম বিল্লাহ বলেন, সাতক্ষীরা রেঞ্জে এ ধরনের দুর্ঘটনার ঘটনা নতুন হলেও সুন্দরবনের অন্যান্য এলাকায় আগেও দুর্ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান আব্দুল্লাহ (১৬) নামের এক পর্যটক। ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলে ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটে।

তিনি বলেন, এসব দুর্ঘটনার পরও পর্যটন কার্যক্রম বন্ধ করা হয়নি। পর্যটকদের অসতর্কতা বা নিরাপত্তাব্যবস্থার ঘাটতি থেকে দুর্ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু একটি দুর্ঘটনার পর সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধ করে দেওয়া কতটা যৌক্তিক, তা বিবেচনা করা প্রয়োজন।

তার মতে, এ সিদ্ধান্ত অব্যাহত থাকলে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জকে কেন্দ্র করে গড়ে ওঠা পর্যটনশিল্পের সম্ভাবনা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের জীবিকা ও সুন্দরবনকেন্দ্রিক পর্যটনশিল্প টিকিয়ে রাখতে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।