ফেসবুকে অশালীন পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রামে এক লন্ড্রি ব্যবসায়ীকে পুলিশের হাতে তুলে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রী। এর আগে ওই ব্যবসায়ীকে দোকানে ঢুকে মারধরের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। মারধরের ঘটনার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। পরে ওই ব্যবসায়ীর মুঠোফোনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের বাকলিয়া থানার তুলাতলী নয়াবাজারের শাপলা চত্বরে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ব্যবসায়ীর নাম খোরশেদ আলম (৩৮)। অভিযুক্ত এনসিপি নেত্রী তানিয়া আমিন চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক।
তানিয়ার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রির দোকানে ঢুকে খোরশেদকে একের পর এক চড়-থাপ্পড় মারছেন তিনি। এ সময় তার সাথে থাকা কয়েকজন পুরুষও ওই ব্যবসায়ীকে মারধর করেন। পাশাপাশি খোরশেদের কাছে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণ জানতে চান তানিয়া। ভিডিওর শেষ দিকে ঘটনাস্থলে পুলিশের গাড়ি আসতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘নারীকে অসম্মান নয়, সম্মানেই সমাজ শক্ত হয়’।
তানিয়ার দাবি, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে তার প্রকাশ করা একটি ভিডিও ডাউনলোড করে সেটি নিয়ে অশালীন ভাষায় ফেসবুকে পোস্ট দেন খোরশেদ। প্রথমবার সতর্ক করার পর তিনি পোস্টটি সরিয়ে নিলেও দুই-তিন দিন পর আবার একই ধরনের পোস্ট দেন। এ বিষয়ে কথা বলতে গেলে খোরশেদ তার সাথে দুর্ব্যবহার করেন এবং মারতে উদ্যত হন। এ কারণেই তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তানিয়া।
এদিকে, খোরশেদের মুঠোফোনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, এনসিপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে খোরশেদকে থানায় নেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ কোনো মারধরের ঘটনা দেখেনি। তবে তার মুঠোফোনে আওয়ামী লীগের কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
তানিয়া জানান, খোরশেদকে পুলিশের কাছে নেওয়ার পর তার পরিবারের কথা বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি ভাবা হয়েছিল। তবে মুঠোফোন পরীক্ষা করে আওয়ামী লীগের কর্মসূচি ও নাশকতাসংক্রান্ত যোগাযোগের তথ্য পাওয়ার কথা পুলিশ তাদের জানায়।

