হাসপাতালের শিশু ওয়ার্ডে পা রাখার জায়গা নেই। কোথাও একটি বিছানায় দুই থেকে তিনটি শিশু, কোথাও মেঝেতে আবার কোথাও বারান্দায় ঠাঁই হয়েছে অসুস্থ শিশুদের। তাতেও জায়গা সংকুলান না হওয়ায় হাসপাতালের মূল ফটকের সামনের গাছতলায় বিছানা পেতে সন্তানদের নিয়ে অবস্থান করছেন অভিভাবকেরা।
কারও শিশুর হাতে চলছে স্যালাইন, কেউ অপেক্ষায় আছেন চিকিৎসা ও ওষুধের। অসুস্থ সন্তানকে সুস্থ করে তুলতে এসে এমন দুর্ভোগের মুখে পড়েছেন দূরদূরান্ত থেকে আসা পরিবারগুলো।
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এখন এমনই। ওয়ার্ডটিতে শয্যা রয়েছে মাত্র ৪৫টি। অথচ ১১ নভেম্বর সেখানে ভর্তি আছে ২২৬ শিশু। অর্থাৎ নির্ধারিত শয্যার প্রায় পাঁচ গুণ রোগীর চাপ সামলাতে হচ্ছে হাসপাতালটিকে।
সম্প্রতি সরেজমিনে হাসপাতালটির শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডের নির্ধারিত শয্যা ছাড়িয়ে মেঝে ও বারান্দাতেও রাখা হয়েছে শিশুদের। এরপরও জায়গা না পেয়ে কয়েক দিন ধরে হাসপাতালের মূল ফটকের সামনের গাছতলায় বিছানা পেতে অবস্থান করছেন কয়েকটি পরিবারের সদস্যরা।
অভিভাবকদের কেউ কেউ বলছেন, ওয়ার্ডের ভেতরে প্রচণ্ড গরম ও মানুষের অতিরিক্ত ভিড়ে শিশুদের রাখা কঠিন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে দিনের বেশির ভাগ সময় সন্তানদের বাইরে খোলা বাতাসে রাখছেন তারা। স্যালাইন, ইনজেকশন কিংবা চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হলে শিশুদের ভেতরে নিয়ে যাচ্ছেন।
হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র স্টাফ নার্স তাজনেহার জানান, শিশু ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই শ্বাসকষ্ট, জ্বর, সর্দি-কাশি ও ডায়রিয়ায় আক্রান্ত।
পঞ্চগড় থেকে ১৭ মাস বয়সী নাতিকে নিয়ে হাসপাতালে এসেছেন বিউটি বেগম। শিশুটি জন্ম থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছে। এবার টাইফয়েড ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। লাভলী ফেরদৌস জানান, ওয়ার্ডের ভেতরে প্রচণ্ড গরম ও ভিড়। একটি বিছানায় দুই থেকে তিনটি শিশুকে রাখা হচ্ছে। শিশুরা কান্নাকাটি করে, ভেতরে থাকতে চায় না। তাই বেশির ভাগ সময় নাতিকে বাইরে খোলা বাতাসে রাখতে হয়। স্যালাইন ও ইনজেকশন দেওয়ার সময় শুধু ভেতরে নিয়ে যাই।
পঞ্চগড়ের জগদল সর্দারপাড়ার হোসেন আলীও একই ধরনের দুর্ভোগের কথা জানান। তার ভাষ্য, একটি বিছানায় দুই থেকে তিনজন রোগী রাখা হচ্ছে। ভেতরে শোয়ার তো দূরের কথা, বসার জায়গাও পাওয়া যায় না।
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ীর কালাম হোসেন জানান, তার শিশু জ্বরে আক্রান্ত হয়ে দুই দিন ধরে হাসপাতালে ভর্তি। কিন্তু হাসপাতাল থেকে কোনো ওষুধ পাননি। প্রয়োজনীয় সব ওষুধ বাইরে থেকে কিনতে হয়েছে। ওয়ার্ডে ফ্যান থাকলেও প্রচণ্ড গরমে শিশুটি কান্নাকাটি করে।
শুধু শয্যাসংকট নয়, হাসপাতাল থেকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রী না পাওয়ার অভিযোগও তুলেছেন একাধিক অভিভাবক। তাদের দাবি, হাসপাতালে ভর্তি হওয়ার পর ব্যবস্থাপত্র অনুযায়ী অধিকাংশ ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিজেদের টাকায় বাইরে থেকে কিনতে হচ্ছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ঢেপটিগুড়া গ্রামের কৃষক জামিউল নাতিকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। তিনিজানান, ভর্তি হওয়ার পর হাসপাতাল থেকে কোনো ওষুধ পাননি। ইতোমধ্যে ৭০০ টাকার ওষুধ বাইরে থেকে কিনেছেন। ব্যবস্থাপত্রে আরও ওষুধ লেখা হয়েছে, সেগুলোও বাইরে থেকে কিনতে হবে।
ভূল্লী উপজেলার লাউথুতী গ্রামের তাহেরা তার দুই বছর বয়সী ছেলে রুহুল আমিনকে নিয়ে পাঁচ দিন ধরে হাসপাতালে আছেন। শিশুটির ১০ থেকে ১২ দিন ধরে জ্বর। রুমা জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বিনা মূল্যে কোনো ওষুধ পাননি। হাসপাতালে আসার আগে ১ হাজার ৩০০ টাকার ওষুধ কিনেছিলেন। চিকিৎসকেরা সেগুলো বাদ দেওয়ার পর নতুন করে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকার ওষুধ কিনতে হয়েছে।
শ্যামা সুন্দরী জানান, তার সন্তান জ্বর থেকে টাইফয়েডে আক্রান্ত হয়েছে। চার-পাঁচ দিন ধরে হাসপাতালে ভর্তি। এই পাঁচ দিনে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকার বেশি ওষুধ কিনতে হয়েছে।
মো. নূর হোসেন জানান, তার শিশু ঠান্ডা ও বুকে কফ জমার সমস্যায় আক্রান্ত। হাসপাতালে ভর্তি হওয়ার পর কোনো ওষুধ পাননি। বাইরে থেকে নতুন মেডিকেল টেপ কিনে আনার পর সেটি রেখে তাকে প্রায় শেষ হয়ে যাওয়া পুরোনো টেপ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশুর বাবা জানান, তার ১৫ মাস বয়সী মেয়েকে ২ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি করেন। ব্যবস্থাপত্র অনুযায়ী দুটি ক্যানুলা কিনে আনলেও একটি শিশুর শরীরে পরানোর পর অন্যটি ও নতুন টেপ নিজেদের কাছে রেখে দেওয়া হয় বলে তার অভিযোগ। পরে টেপ চাইলে নেই বলে জানানো হয়। ইনজেকশনসহ প্রয়োজনীয় সামগ্রীও বাইরে থেকে কিনতে হচ্ছে।
মোহাম্মদ মিলনের অভিযোগ, স্যালাইন সেট, ক্যানুলা, টেপ ও সিরিঞ্জসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী রোগীদের নিজেদের টাকায় কিনতে হচ্ছে। হাসপাতাল থেকে কোনো ওষুধ বা সামগ্রী দেওয়া হচ্ছে না।
শিশু ওয়ার্ডের শয্যাসংকটের পাশাপাশি হাসপাতালের পানি ও শৌচাগারের ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ জানিয়েছেন অভিভাবকেরা।
তাদের অভিযোগ, রোগীর তুলনায় শৌচাগার কম। নারী-পুরুষকে একই শৌচাগার ব্যবহার করতে হচ্ছে। খাওয়ার পানিরও সংকট রয়েছে। হাসপাতালের আশপাশের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে গেলেও অনেক সময় তা ব্যবহার করা যায় না। তখন বাইরে থেকে পানি কিনে আনতে হচ্ছে।
আর্নিতা আক্তার জানান, হাসপাতালে খাওয়ার পানি পাওয়া যায় না। টিউবওয়েলের হাতল বাঁধা থাকায় পানি তোলার উপায় নেই। শৌচাগারের অবস্থাও নাজুক। দুটি শৌচাগারের একটিতে ময়লা জমে বন্ধ রয়েছে, অন্যটি সবাইকে ব্যবহার করতে হচ্ছে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. কামাল হোসেন জানান, দুটি শৌচাগারে সমস্যা রয়েছে, বাকি চারটি চালু আছে। সমস্যাগুলো চিহ্নিত করে আগামী এক সপ্তাহ পর্যবেক্ষণ ও ফলোআপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল জানান, হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে যোগাযোগ করা হয়েছে। গণপূর্ত বিভাগের প্রকৌশলী ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে বিষয়গুলো জানানো হয়েছে। শৌচাগার ও পানির ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে সমন্বয় করা হবে।
চিকিৎসাসামগ্রী সরবরাহ না পাওয়া এবং ক্যানুলা নিয়ে অভিভাবকদের অভিযোগের বিষয়ে তিনি জানান, বিষয়টি হাসপাতালের সংশ্লিষ্ট সুপারভাইজারকে জানানো হবে। ওষুধের বিষয়ে স্টোরকেও ডাকা হবে। পরিচ্ছন্নতার জন্য সুইপারদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হবে।
রোগীর অতিরিক্ত চাপের বিষয়টি স্বীকার করে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, ৪৫ শয্যার বিপরীতে কখনো ২৫০ জনের মতো শিশু ভর্তি থাকে। শিশুদের সাথে মা-বাবাও থাকেন। ফলে ওয়ার্ডে মানুষের চাপ আরও বেড়ে যায়।



