গান দিয়ে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। তাদের গান, কনসার্ট আর ভক্তদের উন্মাদনা ছড়িয়ে আছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তবে এবার আলোচনায় সংগীত নয়, পরিবেশ রক্ষায় তাদের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হাইব করপোরেশনের (HYBE) এক ব্যতিক্রমী উদ্যোগ।
আর সেই উদ্যোগের সাথে জড়িয়ে আছে খুলনার দাকোপের উপকূলীয় জনপদ। সুন্দরবনসংলগ্ন এই অঞ্চলে গত তিন বছরে ৪ লাখ ৬২ হাজার ১৬০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছে প্রতিষ্ঠানটি।
শুধু গাছ লাগানো নয়, উপকূলের পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার সুরক্ষায়ও ভূমিকা রাখছে এই উদ্যোগ। হাইবের প্রকাশিত ‘২০২৫ সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট রিপোর্টে’ উঠে এসেছে বাংলাদেশের উপকূলে তাদের এই পরিবেশবান্ধব কার্যক্রমের তথ্য।
প্রকল্পটির নাম ‘হাইব ইকো ভিলেজ’। ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার কে-গ্রিন ফাউন্ডেশনের সাথে অংশীদারত্বের ভিত্তিতে প্রকল্পটি শুরু করে হাইব। খুলনার দাকোপ উপজেলার উপকূলীয় এলাকায় প্রতিবছর এক লাখ ম্যানগ্রোভ গাছ লাগানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্পটি। তিন বছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪ লাখ ৬২ হাজারের বেশি গাছ রোপণের তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হাইবের প্রতিবেদন অনুযায়ী, এ উদ্যোগে উপকূলের ১ হাজার ৩৫৫টি পরিবারের ৫ হাজার ৪৩০ জন মানুষ উপকৃত হয়েছেন। আগামী ২০ বছরে এসব ম্যানগ্রোভ গাছ প্রায় ৪ লাখ ২৬ হাজার মেট্রিক টন কার্বন শোষণে ভূমিকা রাখতে পারে বলে প্রতিষ্ঠানটির হিসাব।
উপকূলীয় খুলনার মানুষের কাছে ম্যানগ্রোভের গুরুত্ব কেবল সবুজ প্রকৃতির সৌন্দর্যে সীমাবদ্ধ নয়। ঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন আর লবণাক্ততার সাথে প্রতিনিয়ত লড়াই করা এই জনপদের জন্য ম্যানগ্রোভ হতে পারে প্রাকৃতিক সুরক্ষার অন্যতম অবলম্বন।
এসব গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে রাখে, পলি আটকে ভূমি স্থিতিশীল রাখতে সহায়তা করে। একইসাথে উপকূলীয় ঢেউ ও ঝড়ের অভিঘাত কমানো এবং মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর আবাসস্থল তৈরিতেও ভূমিকা রাখে।
বিশেষ করে সুন্দরবনসংলগ্ন দাকোপের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় ম্যানগ্রোভ বনায়নের গুরুত্ব অনেক বেশি। কারণ, উপকূলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার সাথে স্থানীয় মানুষের জীবন-জীবিকাও গভীরভাবে জড়িত। মাছ ধরা, বনজ সম্পদের ওপর নির্ভরশীলতা এবং কৃষিকাজের সাথে যুক্ত মানুষের জন্য পরিবেশের সুস্থতা সরাসরি প্রভাব ফেলে জীবনে।
বিনোদন জগতের প্রতিষ্ঠান হয়েও পরিবেশ রক্ষায় হাইবের এমন উদ্যোগ আন্তর্জাতিকভাবে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রতিষ্ঠানটি শুধু বৃক্ষরোপণেই সীমাবদ্ধ নেই; অ্যালবাম, পণ্যসামগ্রী ও প্যাকেজিং তৈরিতে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহারের উদ্যোগও নিয়েছে। তাদের লক্ষ্য বিনোদনশিল্পের কার্যক্রম থেকে পরিবেশের ওপর সৃষ্ট নেতিবাচক প্রভাব কমানো।
বিশ্বজুড়ে বিটিএসের অসংখ্য ভক্তের কাছে হাইব পরিচিত একটি নাম। সেই প্রতিষ্ঠানের পরিবেশ ভাবনার একটি অংশ এখন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে বাস্তব রূপ পাচ্ছে। পৃথিবীর অন্য প্রান্তের একটি বিনোদন প্রতিষ্ঠানের উদ্যোগে খুলনার দাকোপে তৈরি হচ্ছে নতুন সবুজের সম্ভাবনা।
একটি গাছ হয়তো একদিনে উপকূলকে রক্ষা করতে পারে না। কিন্তু হাজার হাজার গাছ মিলে তৈরি করতে পারে প্রাকৃতিক সুরক্ষাবলয়। জোয়ার-ভাটার পানিতে শিকড় ছড়িয়ে বেড়ে ওঠা প্রতিটি ম্যানগ্রোভ তাই শুধু একটি বৃক্ষ নয়, উপকূলের ভবিষ্যৎ রক্ষারও একটি সম্ভাবনা।
বিটিএসের গান বিশ্বজুড়ে মানুষকে মুগ্ধ করে, আর তাদের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান হাইবের এই উদ্যোগ খুলনার উপকূলে রেখে যাচ্ছে সবুজের ছাপ। মঞ্চের আলো থেকে দূরে, সুন্দরবনঘেঁষা দাকোপে নীরবে বেড়ে উঠছে সেই উদ্যোগের ফল।


