...|...|...

সারাদেশ

নির্জন সড়ক থেকে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০৩
Shares
নির্জন সড়ক থেকে নারী পুলিশ সদস্যকে অপহরণের চেষ্টা

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে। ছবি: ভিডিও থেকে নেওয়া

মৌলভীবাজারের জুড়ীতে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। মঙ্গলবার রাতে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে। তবে ওই নারী পুলিশ সদস্যের চিৎকারে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় অভিযুক্তরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী কনস্টেবল (৩০) জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল পদে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছাকাছি একটি ভাড়া বাসায় বসবাস করেন।

ভুক্তভোগীর স্বামীর বর্ণনা অনুযায়ী, প্রতিদিনের মতো মঙ্গলবারও থানার দায়িত্ব শেষ করে হেঁটে বাসায় ফিরছিলেন তার স্ত্রী। ওই সময় তিনি সাদা পোশাকে ছিলেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছের নির্জন এলাকায় পৌঁছালে পেছন থেকে এক যুবক এসে তার মুখ চেপে ধরেন। এরপর তাকে সড়কের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনাস্থলের কাছেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় ছিলেন আরেক যুবক। এ সময় নারী কনস্টেবল চিৎকার শুরু করলে দুজনই মোটরসাইকেলে দ্রুত সেখান থেকে সরে পড়েন। তবে তার কাছ থেকে কোনো মালামাল খোয়া যায়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তার স্বামী।

এদিকে ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেছে পুলিশ। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই যুবককে দেখা গেছে। তাদের একজনকে নারী পুলিশ সদস্যের পিছু নিতেও দেখা যায়। ঘটনার কিছুক্ষণ পর কয়েকজন স্থানীয় বাসিন্দাকে ওই স্থানের দিকে দৌড়ে যেতে দেখা গেছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই কিংবা অপহরণের চেষ্টার সাথে সংশ্লিষ্ট কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।