...|...|...

সারাদেশ

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের সেই ৪ নেতা বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ১:১০
Shares
মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের সেই ৪ নেতা বহিষ্কার

মহিষ ডাকাতি ও মাছ ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের সেই ৪ নেতা বহিষ্কার। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাই এবং মৌলভীবাজার সদর উপজেলায় মহিষ ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ছাত্রদলের ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে।

বুধবার (৪ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, সদস্য সুজন আরিয়ান, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান এবং ৭ নম্বর চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে শৌল মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে কুলাউড়ার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছিল।

এছাড়া গত ১৯ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় পুলিশ পরিচয়ে মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদনীঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম অভি ও অন্য আসামিদের গ্রেফতার করে।

এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদল নেতাদের নাম আসায় এবং গ্রেফতারের পর দেশজুড়ে আলোচনা শুরু হলে জেলা ছাত্রদল এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।