...|...|...

সারাদেশ

শিক্ষক নীতিমালা নিয়ে কাজ করা হচ্ছে: ববি হাজ্জাজ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, রাত ২:০৬
Shares
শিক্ষক নীতিমালা নিয়ে কাজ করা হচ্ছে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: টাইমস টুডে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যেসকল শিশুরা প্রাথমিকে আসতে পারছে না তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য মিড-ডে মিলসহ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ‘আলো’ নামে একটি প্রজেক্টের আওতায় তাদের নিয়ে আসা হচ্ছে। কোনো শিশুই যাতে প্রাথমিকের শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জে শিল্পকলা একাডেমিতে হবিগঞ্জ জেলার স্কুল ও পাঠাগার সমূহে আনন্দ পাঠের আসর শীর্ষক চক্রের উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেট বিভাগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে রয়েছে। অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয় এখানে। এগুলো পেরিয়ে আসার জন্য আমরা শিক্ষক নীতিমালা নিয়ে কাজ করছি, খুব শীঘ্রই শিক্ষক নীতিমালা প্রকাশ করতে পারবো এবং যেখানেই শিক্ষা পিছিয়ে পড়েছে সেখানেই কাজ শুরু করা হবে।  

জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তারেক মাহমুদ, সিভিল সার্জন রত্মদ্বীপ বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফরিদা নাজমীন, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনুসহ অনেকেই। পরে মন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।