...|...|...

ক্যাম্পাস

কোনো ডিসেম্বরেই আপার ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ৮:০৫
Shares
কোনো ডিসেম্বরেই আপার ফেরার সুযোগ নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: টাইমস টুডে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘কোনো ডিসেম্বরেই এই দেশে আপার আসার সুযোগ নেই। আসলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে যায়নি। আমাদের আবারও সেটার প্রমাণ দিতে হবে।’

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি, নোবিপ্রবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘আজ ৭ নভেম্বর। আজ বিপ্লব ও সংহতি দিবস। দিনটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। আমরা ৭ নভেম্বরকে ধারণ করি। একই সাথে জুলাই গণ-অভ্যুত্থানকেও বিপ্লব মনে করি। বর্তমান সরকারের পক্ষে গেলেই বিপ্লব, আর বিপক্ষে গেলেই বিপ্লব নয়- এমন দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়।’

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে একটি সামরিক ও গণ-অভ্যুত্থান ঘটিয়েছিল। একইভাবে জুলাই গণ-অভ্যুত্থানও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করে ৩৬ দিনে হয়ে যায়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের শাসন, শোষণ ও নির্যাতনের ইতিহাস। জুলাইয়ের ইতিহাস জানতে হলে বাংলাদেশের গত ১০০ বছরের ইতিহাস জানতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের সময় আমরা যেভাবে প্রস্তুত ছিলাম, এখন তার চেয়েও বেশি প্রস্তুত থাকতে হবে। আগে আমরা অনেক উদারতা দেখিয়েছি, ক্ষমা করে দিয়েছিলাম। ওসমান হাদির ভাষায় বলেছিলাম, শত্রুর প্রতিও ইনসাফ করব, ন্যায়বিচার করব। কিন্তু গত দুই বছরে আমরা কোনো বিচার পাইনি। ওসমান হাদি হত্যার বিচার পাইনি, জুলাইয়ের শহীদ ভাই-বোনদের হত্যার বিচারও পাইনি। মানুষ যখন ন্যায়বিচার পায় না, তখন নিজেরাই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। ডিসেম্বর বাংলাদেশের প্রতিরোধ ও বিজয়ের মাস। ১৯৭১ সালে এবং ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতা বিজয় অর্জন করেছে। ভবিষ্যতেও প্রতিটি ডিসেম্বরে ছাত্র-জনতা বিজয়ী হবো।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তাদের সিনিয়ররা যে আন্দোলন করে গেছেন, নতুন শিক্ষার্থীদের তাদের অনুসরণ করতে হবে। কোনো ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হবে না, কোনো বিশ্ববিদ্যালয়েও হবে না। জুলাইয়ের আন্দোলনে শুরু হওয়া ইনকিলাবের জয়গান অব্যাহত রাখতে সবাইকে প্রস্তুত থাকতে হবে।