রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও শারীরিক নির্যাতনের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। সংগঠনটি এ ঘটনায় জড়িতদের শাস্তি, কলেজ অধ্যক্ষের জবাবদিহি ও পদত্যাগ এবং আহত ছাত্রীদের চিকিৎসার ব্যয়ভার বহনের দাবি জানিয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।
বিবৃতিতে নেত্রীরা বলেন, সাধারণ ছাত্রীরা হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। কিন্তু কলেজ প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে।
তারা আরও বলেন, পবিত্র শিক্ষাঙ্গনে এবং ছাত্রীদের নিরাপদ আশ্রয়স্থল ছাত্রীবাসে পুরুষ পুলিশ প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্মম শারীরিক নির্যাতন ও বেধড়ক লাঠিচার্জ করার ঘটনা অত্যন্ত নজিরবিহীন, লজ্জাজনক এবং আইনের শাসন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
বিবৃতিতে নেত্রীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে অধ্যক্ষের দায়িত্ব ছিল ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্নেহের সাথে তাদের সমস্যার সমাধান করা। কিন্তু তিনি ছাত্রীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে নিজের পদের নৈতিক যোগ্যতা হারিয়েছেন। এ হামলায় সাধারণ ছাত্রীরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে তারা অবিলম্বে পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ঘটনার দায় নিয়ে অধ্যক্ষের জবাবদিহি ও পদত্যাগ এবং আহত ছাত্রীদের চিকিৎসার ব্যয়ভার বহনের আহ্বান জানান তারা।
নেত্রীরা আরও বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিতে হবে। একই সাথে স্বৈরাচারী ও দমনমূলক আচরণ বন্ধ করে ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপদ আবাসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।


